টাঙ্গাইলে একসঙ্গে চার সন্তানের জন্ম, মা ও নবজাতক সুস্থ
- আপডেট সময় : ০৯:৪৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত কুমুদিনী হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন বিথী আক্তার নামের এক গৃহবধূ। মঙ্গলবার (১২ মে) সকালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি তিন কন্যা ও এক পুত্র সন্তানের জন্ম দেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে মা ও চার নবজাতকই সুস্থ আছেন এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১৪ বছর আগে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল গ্রামের হায়দার আলীর সঙ্গে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বিথী আক্তারের বিয়ে হয়। তাদের আগে ১০ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। দীর্ঘ এক দশক পর একসঙ্গে চার সন্তানের জন্ম হওয়ায় পরিবারজুড়ে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
কুমুদিনী হাসপাতালের উপ-পরিচালক ডা. এ বি এম আলী হাসান জানান, একসঙ্গে চার সন্তানের জন্ম অত্যন্ত বিরল ঘটনা। এজন্য মা ও নবজাতকদের বাড়তি সতর্কতা ও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও বিশেষ যত্ন নিশ্চিত করা হচ্ছে।
তিনি আরও জানান, এর আগেও গত বছরের ৭ এপ্রিল একই হাসপাতালে আঁখি মণ্ডল নামের এক গৃহবধূ চার সন্তানের জন্ম দিয়েছিলেন।
হাসপাতালের গাইনি বিভাগের রেসিডেন্ট সার্জন ডা. মেহেরুন নেছা বলেন, চিকিৎসাবিদ্যার তথ্য অনুযায়ী প্রতি ৫ লাখ ১২ হাজার গর্ভধারণে একবার এ ধরনের ঘটনা ঘটে। একসঙ্গে চার সন্তান ধারণ মা ও চিকিৎসকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এ ক্ষেত্রে মায়ের উচ্চ রক্তচাপ, রক্তশূন্যতা এবং নির্ধারিত সময়ের আগেই প্রসবের ঝুঁকি থাকে।
তিনি বলেন, মা ও নবজাতকদের হাসপাতালের এনআইসিউতে রেখে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।

























