গরু চুরির অভিযোগে আওয়ামী লীগ নেতার ছেলেসহ গ্রেফতার ২
- আপডেট সময় : ০৭:৩২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় গরু চুরির অভিযোগে আওয়ামী লীগ নেতার ছেলেসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (৯ মে) দিবাগত রাতে সিরাজদিখান ও শ্রীনগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় নগদ ৫ হাজার ৬৭৫ টাকা এবং চারটি গরুর পা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতাররা হলেন সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসরাফিলের ছেলে সোহেল (৩৭) এবং একই এলাকার বাসাইল গ্রামের মকবুল (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার কেয়াইন ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের শুসংকর মণ্ডল কালুর বাড়ির পাশে ঘোরাফেরা করছিলেন অভিযুক্তরা। পরে বিকেল সাড়ে ৩টার দিকে সুযোগ বুঝে বাড়ির পাশের জমি থেকে একটি লাল রঙের গরু নিয়ে পালিয়ে যায় তারা।
ভুক্তভোগী পরিবারের দাবি, চুরি হওয়া গরুটির ওজন প্রায় ২০০ কেজি এবং বাজারমূল্য আনুমানিক দেড় লাখ টাকা। পরে একটি সিসিটিভি ফুটেজে তাদের গরু নিয়ে পালিয়ে যেতে দেখা যায়।
সিরাজদিখান থানার ওসি মো. আব্দুল হান্নান বলেন, অভিযোগের ভিত্তিতে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

























