হঠাৎ সন্ধ্যার আকাশে রহস্যময় আলো
- আপডেট সময় : ০৯:৫৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের টেকনাফ এলাকার সন্ধ্যার আকাশে হঠাৎ দেখা গেছে এক রহস্যময় আলোকচ্ছটা। ওই দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন স্থানীয় সাধারণ মানুষ।
শুক্রবার (৮ মে) সন্ধ্যায় আকাশের একটি অংশে উজ্জ্বল আলো ঝলকাতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের অনেকেই জানান, মনে হচ্ছিল কেউ যেন আকাশের ভেতর টর্চলাইট জ্বালিয়ে রেখেছে। মুহূর্তের জন্য দৃশ্যটি স্থির থাকলেও কিছুক্ষণের মধ্যেই সেটি দ্রুত অদৃশ্য হয়ে যায়।
স্থানীয়রা জানান, আলোটি আকাশের এক কোণ থেকে শুরু হয়ে দ্রুত পূর্ব দিকে ছুটে যায়, যা অনেকের কাছে ‘মিসাইল আকৃতির আলোর ঝলক’ বলে মনে হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ধারণ করা ভিডিও ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ভিডিওতে দেখা যায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আকাশের এক পাশে বজ্রপাতের মতো আলোর ঝলক দেখা যাচ্ছে। এরপর সেটি দ্রুত গতিতে পূর্বদিকে সরে গিয়ে মিলিয়ে যায়।
এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ এম আবদুল হান্নান বলেন, ঘটনাটি আবহাওয়াগত কোনো বিষয় নয়। ভিডিও ও ছবি ঢাকায় পাঠানো হলেও এটি আবহাওয়ার স্বাভাবিক কোনো ঘটনা হিসেবে শনাক্ত করা যায়নি।
অন্যদিকে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. ওয়াহিদুর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা ভিডিও দেখে এটিকে মিসাইল সদৃশ আলো মনে হয়েছে। তবে এটি কী কারণে বা কারা উৎক্ষেপণ করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়েছে, তবে প্রকৃত কারণ নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে।

























