বরগুনায় পরিবেশকর্মীর বিরুদ্ধে মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন
- আপডেট সময় : ০১:০২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

বরগুনার পরিবেশকর্মী ও ফটোসাংবাদিক আরিফ রহমানের বিরুদ্ধে মব সৃষ্টির চেষ্টার প্রতিবাদে এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে) সকাল ১০টায় বরগুনা সদরঘাট মসজিদ মার্কেট চত্বরে বরগুনা সাংবাদিক ইউনিয়ন ও পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বক্তারা জানান, নিদ্রা সৈকত এলাকায় সংরক্ষিত বনের ভেতরে অবৈধভাবে রাস্তা ও পাকা স্থাপনা নির্মাণের প্রতিবাদ করেন পরিবেশকর্মী আরিফ রহমান। এ ঘটনার জেরে সোনাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস ফরাজী ও সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য শহীদ আকনের নেতৃত্বে একটি মহল আরিফ রহমানসহ বন বিভাগের দুই কর্মকর্তা—নলবুনিয়া ফরেস্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাওন এবং সখিনা বন বিটের বিট অফিসার রাহিমুল ইসলাম জুমেলের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে মব সৃষ্টির অপচেষ্টা চালায়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন হারুন অর রশিদ রিংকু। বক্তব্য দেন গোলাম হায়দার স্বপন, মুফতি ইদ্রিসুর রহমান, হোসনেয়ারা ছবি, আরিফ হোসেন খান, মুশফিক আরিফ, মো. হান্নান মিয়া ও শাহ আলীসহ অন্যরা।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় কাজ করতে গিয়ে যদি সাংবাদিক ও পরিবেশকর্মীদের হেনস্তার শিকার হতে হয়, তবে প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ রক্ষা করা কঠিন হয়ে পড়বে। তারা নিদ্রা সৈকত, টেংরাগিরি ও শুভসন্ধ্যা নদীসহ বিভিন্ন পর্যটন এলাকায় সাংবাদিক ও পরিবেশকর্মীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
একই সঙ্গে জনরোষ তৈরির নেপথ্যে থাকা ষড়যন্ত্রকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

























