এবার বাড়ল লঞ্চের ভাড়া
- আপডেট সময় : ১২:৫৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এবার লঞ্চের ভাড়া বাড়িয়েছে সরকার। মঙ্গলবার (৫ মে) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, লঞ্চে যাত্রী পরিবহনের ভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ২ টাকা ৭৭ পয়সা থেকে ১৮ পয়সা বাড়িয়ে ২ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে ভাড়া ২ টাকা ৩৮ পয়সা থেকে ১৪ পয়সা বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে ৩ টাকা বাড়িয়ে ৩২ টাকা করা হয়েছে। নতুন নির্ধারিত ভাড়া মঙ্গলবার থেকেই কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯’-এর বিধি ২৭ অনুযায়ী সরকার নৌযানে যাত্রী পরিবহনের জন্য জনপ্রতি সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া পুনর্নির্ধারণ করেছে।
এর আগে গত ১৮ এপ্রিল সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা এবং কেরোসিনের দাম ১৮ টাকা বাড়ানো হয়। জ্বালানি তেলের নতুন দাম ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হয়।
জ্বালানি তেলের দাম বাড়নোর পরপরই গণপরিবহনের ভাড়া বাড়ানোর দাবি তোলে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো। এ নিয়ে সরকারের সঙ্গে একাধিক দফায় বৈঠকও হয়। পরে গত ২৩ এপ্রিল ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

























