যমুনা টিভির গাইবান্ধা প্রতিনিধি পলাশের পিতার মৃত্যুতে ‘খবর প্রতিদিন’ পরিবারের শোক
- আপডেট সময় : ০২:১২:৪২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ১২৩ বার পড়া হয়েছে

যমুনা টেলিভিশনের গাইবান্ধা জেলা প্রতিনিধি ও সাদুল্লাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান মন্ডল পলাশের পিতা, গাইবান্ধা জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট জহুরুল ইসলাম মন্ডল তোতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ‘খবর প্রতিদিন’ পরিবার।
বুধবার (৬ মে) সকাল ১০টার দিকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
দীর্ঘদিন আইন পেশায় যুক্ত থেকে এডভোকেট জহুরুল ইসলাম মন্ডল তোতা সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের জন্য এলাকায় বিশেষভাবে সম্মানিত ছিলেন। তার মৃত্যুতে আইন অঙ্গনসহ স্থানীয় সমাজে নেমে এসেছে শোকের ছায়া।
মরহুমের নামাজে জানাজা আজ বুধবার বাদ আসর উপজেলার দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা গ্রামে তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
‘খবর প্রতিদিন’ পরিবার এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে মহান আল্লাহ তায়ালার দরবারে তার জন্য জান্নাতুল ফেরদৌস কামনা এবং পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার ধৈর্য ও শক্তি দান করার জন্য দোয়া করা হয়েছে। আমিন।

























