সুন্দরগঞ্জে রামজীবন ইউপি নির্বাচনে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মোজাফফর হোসেন
- আপডেট সময় : ১২:৫৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ১০০ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোঃ মোজাফফর হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। তিনি একজন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অঙ্গনের পরিচিত মুখ হিসেবে এলাকায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।
রোববার (৩ মে) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার আমীর মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জু বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সবার মতামতের ভিত্তিতে অনুষ্ঠিত রুকন বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিনের সাংগঠনিক ত্যাগ, অভিজ্ঞতা এবং মাঠপর্যায়ের গ্রহণযোগ্যতার ভিত্তিতেই মোজাফফর হোসেনকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে তিনি জানান।
মোঃ মোজাফফর হোসেন রামজীবন ইউনিয়নের কৈ কাশদহ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং স্থানীয় বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে।
দলীয় সিদ্ধান্তের পর তার প্রার্থিতা ঘিরে এলাকায় নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা জানান, মোজাফফর হোসেন দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে মাঠপর্যায়ে কাজ করে আসছেন এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে একটি পরিচিত অবস্থান তৈরি করেছেন।
চেয়ারম্যান প্রার্থী মোঃ মোজাফফর হোসেন বলেন, আমি ব্যক্তিগতভাবে প্রার্থী হওয়ার কোনো উদ্যোগ নেইনি; বরং সংগঠন আমাকে চেয়ারম্যান প্রার্থী করেছে। এই দায়িত্বকে আমি আমানত হিসেবে বিবেচনা করে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।
তিনি আরও বলেন, ‘আমি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলে শিক্ষা, ন্যায়বিচার, স্বচ্ছতা ও স্থানীয় উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে রামজীবন ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবো, ইনশাআল্লাহ।’
তিনি স্থানীয় জনগণ, দলীয় নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, যুবসমাজ এবং সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।



















