প্রাথমিকের ১৪,৩০০ শিক্ষককে দ্রুত নিয়োগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী
- আপডেট সময় : ০৯:৫৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩০০ জন সহকারী শিক্ষককে শর্তসাপেক্ষে দ্রুত নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন ড. আ ন ম এহছানুল হক মিলন। দীর্ঘদিন ধরে আলোচিত এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
শুক্রবার (১ মে) বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে যে প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছিল, সরকার তা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেছে। শিক্ষার মান উন্নয়ন এবং বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট নিরসনের লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যেই নিয়োগ কার্যক্রম শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা অচিরেই নিয়োগ পাবেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাব্যবস্থাকে আরও আনন্দমুখর ও শিক্ষার্থীবান্ধব করতে কাজ করছে। ঝরে পড়া রোধ এবং শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান এবং ভবিষ্যতে দেশ গঠনে ভূমিকা রাখতে নিজেদের প্রস্তুত করার কথা বলেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, যাতে তারা আনন্দের সঙ্গে শিক্ষা গ্রহণ করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।
অনুষ্ঠানে বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোসাদ্দেক হোসেনসহ স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

















