ফের উৎপাদনে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র, ধাপে ধাপে স্বাভাবিক হচ্ছে জাতীয় গ্রিডে সরবরাহ
- আপডেট সময় : ০১:৫০:৫২ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

ছয় দিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট আবার উৎপাদনে ফিরেছে। এতে উত্তরাঞ্চলের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় কিছুটা স্বস্তি ফিরেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
শুক্রবার (১ মে) ভোরে মেরামত কাজ শেষ হওয়ার পর কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটটি পুনরায় চালু করা হয়। বর্তমানে ওই ইউনিট থেকে গড়ে ৫৫ থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।
কেন্দ্র সূত্রে জানা যায়, যান্ত্রিক ত্রুটির কারণে গত ২৫ এপ্রিল ইউনিটটির বয়লারের একটি পাইপ ফেটে উৎপাদন বন্ধ হয়ে যায়। মেরামতের পর আবার চালু করা হলেও পরবর্তীতে পুনরায় সমস্যা দেখা দেয়, ফলে একাধিক দফায় উৎপাদন বন্ধ রাখতে হয়। এতে দিনাজপুরসহ উত্তরাঞ্চলের অন্তত আট জেলায় বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটে।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের সহকারী প্রধান প্রকৌশলী মো. মোহসীনুল ফিরোজ জানান, মেরামত শেষে শুক্রবার ভোর ৪টা ২২ মিনিটে ইউনিটটি পুনরায় চালু করা হয়েছে। ধীরে ধীরে উৎপাদন স্বাভাবিক পর্যায়ে আনার চেষ্টা চলছে।
তিনি আরও জানান, কেন্দ্রের তৃতীয় ইউনিটে বর্তমানে ওভারহোলিং কাজ চলছে। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছে, এটি ১৫ মে’র মধ্যে চালু করা সম্ভব হবে। ওই ইউনিটটি চালু হলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ আরও বাড়বে এবং লোডশেডিং পরিস্থিতি কিছুটা উন্নত হবে।
বিদ্যুৎ কেন্দ্র সংশ্লিষ্ট সূত্র বলছে, কয়লার সঙ্গে পাথর মিশে যাওয়া এবং পুরোনো যান্ত্রিক সমস্যার কারণে কেন্দ্রটির উৎপাদন নিয়মিতভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে পূর্ণ সক্ষমতায় চালু রাখা সম্ভব না হওয়ায় দেশের উত্তরাঞ্চলের বিদ্যুৎ চাহিদা পূরণে চাপ তৈরি হচ্ছে।
তবে কর্তৃপক্ষের আশা, চলমান মেরামত ও ওভারহোলিং কাজ শেষ হলে কেন্দ্রটি আবারও তুলনামূলক স্থিতিশীল উৎপাদনে ফিরতে পারবে।

























