সীতাকুণ্ডে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণে ভ্যানচালক নিহত
- আপডেট সময় : ১১:০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি ভাঙারি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরমান নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় দোকান মালিকসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২ মে) দুপুরে উপজেলার বড় কুমিরা মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বড় কুমিরা মাজার গেট সংলগ্ন একটি ভাঙারি দোকানে রাখা গ্যাস সিলিন্ডার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকা কেঁপে ওঠে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় দোকানের সামনে থাকা ভ্যানচালক আরমান ঘটনাস্থলেই নিহত হন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে দুজনকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকি দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত আরমানের বাড়ি কুমিল্লা জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি সীতাকুণ্ড এলাকায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
সিলিন্ডার বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে স্থানীয়দের অভিযোগ, জনবহুল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই পুরনো সিলিন্ডার ও ভাঙারি সামগ্রী সংরক্ষণের কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটছে।




















