গুলশানে বিদেশি নারীর মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৫:৫১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

রাজধানীর গুলশান বারিধারা এলাকার ইউনাইটেড হাসপাতাল থেকে ভারতীয় নাগরিক (কাশ্মীরি) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর নাম শামিম সলিম কাসিম (৬৭)।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা প্রায় ১১টার দিকে ইউনাইটেড হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আলিম জানান, হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে মরদেহে অস্বাভাবিক কোনো চিহ্ন দেখা যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে বারিধারার বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শামিম সলিম কাসিম। পরে তার ছেলে সুহাইল সলিম কাসিম দ্রুত তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শামিম সলিম কাসিম ভারতীয় নাগরিক। তার বাবার নাম আমিন বাচুয়ালি। তিনি রাজধানীর গুলশান বারিধারা পার্ক রোডের বরাক পার্ক ভ্যালি এলাকায় বসবাস করতেন।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
























