দেশীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্রেই জনগণের রায় বাস্তবায়ন ঠেকানো হয়েছে: অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন
- আপডেট সময় : ০৭:১০:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে

গতকাল ২৪ এপ্রিল ২০২৬, নীলফামারী জেলার সকল উপজেলার কর্মপরিষদ সদস্যদের নিয়ে এক দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
নীলফামারী জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপি’র সভাপতিত্বে আয়োজিত এ শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চল সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা আমীর মুহাম্মদ আব্দুর রশীদ। এছাড়াও স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন বলেন, দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণেই জনগণের রায় বাস্তবায়ন হতে দেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন, জুলাই সনদে বিএনপি ও অন্যান্য দল স্বাক্ষর করলেও পরবর্তীতে মৌলিক বিষয়গুলো বাদ দিয়ে তা বাস্তবায়নের চেষ্টা চলছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।
তিনি বলেন, একই সার্কুলারে দুটি ভোট হলে একটি মানা আর অন্যটি না মানা রাজনৈতিক দ্বিচারিতার পরিচয়। জনগণ এখন এসব কৌশল বুঝতে শিখেছে।
তিনি আরও বলেন, দেশের অর্থনীতি, জ্বালানি ও রাজনৈতিক স্থিতিশীলতা আজ গভীর সংকটে। অর্ধেকেরও বেশি পেট্রোল পাম্প বন্ধ থাকার বাস্তবতা সেই সংকটেরই বহিঃপ্রকাশ।
বক্তব্যে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের অধিকার নিয়ে আর কোনো ছলচাতুরি চলবে না। মাঠেই সকল ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে। যারা অতীতে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে বিদেশমুখী রাজনীতি করেছে, ইতিহাস সাক্ষী—তাদের শেষ পরিণতিও জনগণ দেখেছে।
তিনি আরও বলেন, কথায় কথায় “গুপ্ত” তত্ত্ব দাঁড় করিয়ে নিজেদের ব্যর্থতা ও দায় এড়ানোর যে অপচেষ্টা চলছে, জনগণ তা আর বিশ্বাস করে না। দেশের মানুষ এখন সচেতন, তারা সত্য-মিথ্যা যাচাই করতে জানে।
শিক্ষা শিবিরে সংগঠনের আদর্শ, দায়িত্বশীলতা, সাংগঠনিক শৃঙ্খলা ও চলমান জাতীয় প্রেক্ষাপটে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
জেলা, উপজেলা এবং স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দের অংশগ্রহণে শিক্ষা শিবিরটি প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

























