নারী নির্যাতনের মামলায় সাবেক ছাত্রদল নেতা কারাগারে
- আপডেট সময় : ১২:৪৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে নারী নির্যাতনের অভিযোগে করা মামলায় শরীফুল ইসলাম নামের ছাত্রদলের সাবেক এক নেতাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২১ এপ্রিল) ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) বিপুল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতার শরীফুল ইসলাম ধামরাই পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সদস্য ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চলমান একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আদালত তাকে ২২ জুন পর্যন্ত কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী নারীর সঙ্গে নির্যাতনের ঘটনা ঘটে এবং এতে গুরুতর শারীরিক ক্ষতির অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে মারধর, হত্যাচেষ্টা, ধর্ষণ চেষ্টা এবং চুরিসহ একাধিক গুরুতর অভিযোগে মামলা রয়েছে। এছাড়া সরকারি জমি দখলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগও তদন্তাধীন রয়েছে।
ধামরাই থানার এসআই বিপুল হোসেন বলেন, নারী নির্যাতনের মামলাটি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


















