মানিকগঞ্জে শিশু হত্যার অভিযোগ, পিটুনিতে দুই ভাই নিহত
- আপডেট সময় : ০২:৪৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ সদরে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতার গণপিটুনিতে দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে হাটিপাড়া ইউনিয়নর বনপারিল দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন স্থানীয় ইজিবাইকচালক পান্নু মিয়া (৪৫) ও তার ভাই ফজলু মিয়া (২৮)। আহত হয়েছেন পান্নু মিয়ার ছেলে নাজমুল (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন বিকেলে ৯ বছরের এক শিশু আতিকা আক্তার নিখোঁজ হয়। পরে পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানো হয়। রাতের দিকে বাড়ির পাশে একটি ভুট্টাখেতে শিশুটির মরদেহ পাওয়া যায় বলে জানা যায়।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্বজন ও স্থানীয়রা তিনজনকে সন্দেহের ভিত্তিতে আটক করে মারধর করেন। এতে ঘটনাস্থলেই পান্নু মিয়া ও তার ভাই ফজলু মিয়া মারা যান। আহত নাজমুলকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
মানিকগঞ্জ সদর থানার ওসি ইকরাম হোসেন জানান, শিশুটির মরদেহ ও নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে গণপিটুনির ঘটনায়ও আলাদা তদন্ত করা হচ্ছে।
















