শেরপুরে মাদককারবারি গ্রেপ্তার ৪
- আপডেট সময় : ০১:২৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় মাদক সেবন ও বিক্রির দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় এই দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার পশ্চিম ঝিনাইগাতী এলাকার দেলোয়ার হোসেনের ছেলে শাকিল (৩৮), যাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়; নয়াগাঁও এলাকার খাদেম আলীর ছেলে রাব্বি (২৪), যাকে আট মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড; শাহ আলমের ছেলে জসিম (২৮), যাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড এবং শরাফত আলীর ছেলে জহুরুল ইসলাম (৪৫), যাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন নয়াগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদকদ্রব্য সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় চারজনকে দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিকভাবে দণ্ড কার্যকর করা হয়। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

















