বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়: মাওলানা লোকমান আহমদ
- আপডেট সময় : ১২:০৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলা মজলিসে শূরার সদস্য ও সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এবং সিলেট-৩ সংসদীয় আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লোকমান আহমদ বলেছেন, বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সকলেই রাষ্ট্রের নাগরিক হিসেবে সমান মর্যাদার অধিকারী।
বৃহস্পতিবার রাতে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গয়াসি গ্রামে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভিন্ন ধর্মাবলম্বীদের সংখ্যালঘু বানিয়ে নাগরিক অধিকার বিনষ্টকারীরাই মূলত রাজনৈতিক ফায়দা লুটে নেওয়ার চেষ্টা করেছে। ইসলামের ছায়াতলে সকল মানুষ নিরাপদ এবং নির্বিঘ্নে স্বাধীনভাবে ধর্ম পালনের সুযোগ পাবে। ইসলাম জোরপূর্বক কারো উপর কিছু চাপিয়ে দেয় না এবং এ বিষয়ে কঠোর শাস্তির বিধান রয়েছে।
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ ও মানবিক বাংলাদেশ গড়তে দলমত, ধর্মবর্ণ, জাতি নির্বিশেষে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। এই দেশের সব নাগরিক সমান অধিকার পাবে, মুসলিম ও অমুসলিম সবাই নিজ নিজ ধর্মীয় অধিকার পালন করতে পারবে। আমরা একটি মানবিক, কল্যাণকর ও সন্ত্রাসমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি, যেখানে সবার জান-মাল, ইজ্জত ও উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
সভায় দিরেন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলা মজলিশে শূরার সদস্য ও সাবেক ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, ফেঞ্চুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ইমরান আহমদ চৌধুরী, সদর ইউনিয়নের আমীর ওয়াহিদুর রহমান খান, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার সুবল বিশ্বাস, খলকু মিয়া, সমিরন বিশ্বাস, ডা. সুবরত বিশ্বাস, আসগর আহমদ, আব্দুর রাজ্জাক, মতিন্দ্র বিশ্বাস, সুয়েজ আহমদ সুহেল, ময়নুল ইসলাম, শফিকুর রহমান, আসমতুর রহমান প্রমুখ।
























