সেনাবাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, সিরিয়ায় কারফিউ জারি
- আপডেট সময় : ০৮:৪০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

সিরিয়ার আলেপ্পো শহরের একাধিক এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। দেশটির সেনাবাহিনী ও কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) এর মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আলেপ্পোর আশরাফিয়েহ, শেখ মাকসুদ, বানি জেইদ, আল-সিরিয়ান, আল-হুল্লুক ও আল-মিদান এলাকায় ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ কারফিউ কার্যকর থাকবে। চলতি সপ্তাহের শুরুতে সংঘর্ষ শুরুর পর থেকে এক লাখের বেশি মানুষ এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, স্নাইপার হামলার আশঙ্কায় পরিবারসহ ঘরবাড়ি ছেড়েছেন। সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত অন্তত ২২ জন নিহত এবং ১৭৩ জন আহত হয়েছেন। সিরীয় সেনাবাহিনী অভিযোগ করেছে, এসডিএফ বেসামরিক এলাকায় আর্টিলারি ও মর্টার হামলা চালিয়েছে, যা তারা অস্বীকার করছে।
এসডিএফ কমান্ডার মাজলুম আবদি অভিযোগ করেছেন, দামেস্ক সরকারের সঙ্গে চলমান আলোচনা চলাকালেই কুর্দি অধ্যুষিত এলাকায় ট্যাংক ও আর্টিলারি মোতায়েন করা হয়েছে এবং বেসামরিকদের বাস্তুচ্যুত করা হয়েছে।























