দ্রুত নির্ধারিত মূল্যে অত্যাবশ্যক ওষুধ বিক্রির আশা সরকারের
- আপডেট সময় : ০৭:২৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

আগামী কয়েকদিনের মধ্যেই নির্ধারিত মূল্যে অত্যাবশ্যক ওষুধ বিক্রির সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদায়) অধ্যাপক ডা. সায়েদুর রহমান।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলোর একটি হলো অত্যাবশ্যক ওষুধ নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করা। উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পাওয়ার পর এ সিদ্ধান্ত বাস্তবায়ন এখন কেবল প্রক্রিয়াগত বিষয় বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, অত্যাবশ্যক ওষুধের তালিকায় বর্তমানে ২৯৫টি ওষুধ অন্তর্ভুক্ত রয়েছে। এসব ওষুধের মধ্যে সংক্রামক ও অসংক্রামক—উভয় ধরনের রোগের চিকিৎসার ওষুধ রয়েছে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন সাধারণ রোগের প্রাথমিক চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
তবে ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত আধুনিক ওষুধগুলো এ তালিকায় নেই বলেও জানান তিনি। সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে সাধারণ মানুষের জন্য ওষুধের দাম সহনীয় পর্যায়ে থাকবে বলে আশা প্রকাশ করেন স্বাস্থ্যবিষয়ক এই বিশেষ সহকারী।

























