ক্রিপ্টো জালিয়াতির মূলহোতা গ্রেফতার
- আপডেট সময় : ০৮:১৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

মাল্টি বিলিয়ন ডলারের ক্রিপ্টো জালিয়াতির মূলহোতা চীনা বংশোদ্ভূত টাইকুন চেন ঝি কম্বোডিয়ায় গ্রেফতার করা হয়েছে। পরে তাকে চীনের কাছে হস্তান্তর করা হয়।
যুক্তরাষ্ট্রে চেনের বিরুদ্ধে মামলা রয়েছে, যা ক্রিপ্টোকারেন্সি প্রতারণা, অনলাইন প্রতারণা এবং মানি লন্ডারিং পরিচালনার অভিযোগের ভিত্তিতে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চেনের সঙ্গে আরও দুই চীনা নাগরিক শু জি লিয়াং ও শাও জি হুই-কেও গ্রেফতার করে চীনে পাঠানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ চেনের প্রিন্স হোল্ডিং গ্রুপকে এশিয়ার অন্যতম বৃহত্তম ট্রান্সন্যাশনাল অপরাধ সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে। গ্রেফতার অভিযানটি চীনের অনুরোধে এবং দীর্ঘমেয়াদি যৌথ তদন্তের অংশ হিসেবে সম্পন্ন হয়েছে। চেনের কম্বোডিয়ান নাগরিকত্ব গত ডিসেম্বরে বাতিল করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের অভিযোগ অনুযায়ী, চেন পরিচালিত কম্পাউন্ডগুলোতে শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হতো। তারা ‘পিগ বচরিং’ নামে পরিচিত ক্রিপ্টোকারেন্সি প্রতারণার কাজে বাধ্য হতেন। এই স্কিমের মাধ্যমে বিশ্বব্যাপী কোটি কোটি ডলারের ক্ষতি হয়েছে।
ওয়্যার ফ্রড ও মানি লন্ডারিং মামলায় দোষী প্রমাণিত হলে চেন সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন।























