অবশেষে চূড়ান্ত করা হয়েছে নবম পে-স্কেলে বেতন অনুপাত
- আপডেট সময় : ০৭:৪১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

নবম জাতীয় পে-স্কেলে সরকারি কর্মচারীদের বেতনের অনুপাত ১:৮ চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত পে-স্কেল সংক্রান্ত পূর্ণ কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে কমিশনের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
পে-কমিশনের সভাপতি জাকির আহমেদ খানের সভাপতিত্বে সভায় কমিশনের সদস্য ড. মোহাম্মদ আলী খান, এনডিসি, মো. ফজলুল করিম, মো. মোসলেম উদ্দীন, সদস্য সচিব মো. ফরহাদ সিদ্দিকসহ খণ্ডকালীন সদস্যরা উপস্থিত ছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে সভায় উপস্থিত কমিশনের এক সদস্য জানান, বেতনের অনুপাত নির্ধারণে ১:৮, ১:১০ ও ১:১২—এই তিনটি প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। বিস্তারিত আলোচনার পর ১:৮ অনুপাতকেই চূড়ান্ত করা হয়।
তিনি আরও জানান, সর্বনিম্ন বেতন নির্ধারণ নিয়েও একাধিক প্রস্তাব আলোচনায় এসেছে। এ বিষয়ে পরবর্তী সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
উল্লেখ্য, জাতীয় বেতন কমিশনের মতামত ফরমে ১১ নম্বর প্রশ্নে প্রস্তাবিত পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল বেতনের অনুপাত কী হওয়া উচিত—তা নিয়ে আলোচনা চলছে। সেখানে ১:৮, ১:১০, ১:১২সহ অন্যান্য বিকল্প রাখা হয়েছে। এ অনুপাতের মাধ্যমে সর্বনিম্ন (২০তম গ্রেড) ও সর্বোচ্চ গ্রেডের মূল বেতনের পার্থক্য বোঝানো হয়।
পে-কমিশন সূত্র জানায়, নবম পে-স্কেলে সর্বনিম্ন বেতন নির্ধারণে তিনটি প্রস্তাব বিবেচনায় রয়েছে। এর মধ্যে ২১ হাজার টাকা, ১৭ হাজার টাকা ও ১৬ হাজার টাকা—এই তিনটি অঙ্ক প্রস্তাব করা হয়েছে।
তবে সর্বোচ্চ বেতন স্কেল এখনো চূড়ান্ত হয়নি। কারণ বেতনের পাশাপাশি বাড়িভাড়া, চিকিৎসা ভাতাসহ অন্যান্য ভাতার কাঠামো কীভাবে নির্ধারিত হবে, তা নিয়ে আলোচনা চলমান রয়েছে। এসব বিষয় চূড়ান্ত হওয়ার পর সর্বোচ্চ বেতন স্কেল নির্ধারণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

























