সাত দিনে সেনা অভিযানে গ্রেফতার ১৭১
- আপডেট সময় : ০৭:২৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে সাত দিনে ১৭১ জন সন্দেহভাজন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ককটেল ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটগুলো অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানে সন্ত্রাসী, মাদককারবারি, মাদকাসক্ত, ডাকাত দলের সদস্য, কিশোর গ্যাং ও চোরাকারবারিসহ মোট ১৭১ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৪৯ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ১০টি ককটেল, ধারালো অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে আইনি কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় আইএসপিআর।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী দেশব্যাপী নিয়মিত টহল ও নিরাপত্তা অভিযান চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সেনাবাহিনী দায়িত্ব পালন করছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে উল্লেখ করে সাধারণ জনগণকে যে কোনো সন্দেহজনক কর্মকাণ্ড নজরে এলে নিকটস্থ সেনা ক্যাম্পে জানানোর অনুরোধ জানানো হয়েছে।

























