নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে শিক্ষার্থীদের চিকিৎসা সেবায় ৪০ শতাংশ ছাড়
- আপডেট সময় : ০৬:১০:০০ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ইসলামি ছাত্রশিবির ও খান ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) স্বাক্ষরিত চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী খান ডায়াগনস্টিক সেন্টারে যেকোনো পরীক্ষা-নিরীক্ষা সেবার ক্ষেত্রে ৪০ শতাংশ ছাড় পাবেন। জাককানইবি ছাত্রশিবিরের পক্ষ থেকে স্বাক্ষর করেন সভাপতি আব্দুল্লাহ রিমন, আর খান ডায়াগনস্টিক সেন্টারের পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক মো. আবু ফয়সাল খান।
স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি ও ময়মনসিংহ মহানগর সেক্রেটারি সাআদ কবির এবং সেক্রেটারি মো. রাসেল মিয়া।
ছাত্রশিবিরের সেক্রেটারি মো. রাসেল মিয়া জানান, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সীমিত সুবিধার কারণে অনেক শিক্ষার্থী চিকিৎসার জন্য শহরে যেতে বাধ্য হন। কিন্তু ক্যাম্পাসের নিকটবর্তী খান ডায়াগনস্টিক সেন্টার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সহজে ও স্বল্পমূল্যে রোগনির্ণয় সেবা গ্রহণ সম্ভব হবে।
ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ রিমন বলেন, ইসলামি ছাত্রশিবির শিক্ষার্থীদের কল্যাণকে অগ্রাধিকার দেয়। সীমিত সম্পদের মধ্যেও আমরা বিভিন্ন উদ্যোগ নিয়ে শিক্ষার্থীদের সহায়তা করছি। এই উদ্যোগও সেই লক্ষ্যেই নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বলেন, ছাত্রশিবির বরাবরই শিক্ষার্থীদের কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করে। চিকিৎসা সেবায় এই ছাড় সত্যিই প্রশংসনীয়।


























