জকসু নির্বাচন: ওএমআর মেশিনে অসংগতি, শঙ্কা প্রকাশ ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের
- আপডেট সময় : ১২:১০:৫৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৬২ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ এ ভোট গণনার ওএমআর মেশিনে অসংগতি ধরা পড়েছে। এই বিষয় নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদল, ছাত্রঅধিকার ও সাধারণ শিক্ষার্থী সমন্বিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে এক জরুরি সংবাদ সম্মেলনে ওএমআর মেশিনের বিভিন্ন অসংগতির কথা তুলে ধরেন তারা।
সংবাদ সম্মেলনে ভিপি পদপ্রার্থী একেএম রাকিব বলেন, “বিগত যে ছাত্রসংসদ নির্বাচন হয়েছে সেখানে যে মেশিনে ভোট গণনা হয়েছে আমরা নানা অভিযোগ পেয়েছি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অভিযোগ থাকায় আমরা বিকল্প চেয়েছি, কিন্তু নির্বাচন কমিশন কোনো কর্ণপাত করেনি। গতকালও প্যানেল প্রতিনিধি ও স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনের মিটিংয়ে মেশিনের অসংগতি ধরা পড়ে।”
এজিএস পদপ্রার্থী বিএম আতিকুর রহমান তানজিল বলেন, “দুটি মেশিনে ভিন্ন ধরনের ব্যালেট প্রদর্শিত হয়েছে। একটিতে একভাবে গণনা হয়, অন্যটিতে ভিন্নভাবে। আমরা লক্ষ্য করেছি ছোটো ফোঁটা পড়লেও মেশিন সেটি গণনা করছে।”
তানজিল আরও বলেন, “নির্বাচন কমিশন জানায়, মেশিনে সমস্যা থাকলে ভোট গণনা ম্যানুয়ালি ও মেশিন দু’ভাবেই করা হবে। আমরা মেশিনগুলো যাঁরা নিয়ে এসেছেন তাদের অসংগতি সম্পর্কে জানতে চাইলে বলা হয়, মেশিনে কিছু সমস্যা স্বাভাবিক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভোট গণনায় কিছুটা পার্থক্য হয়েছে, কিন্তু ভোট গ্রহণ করা হয়েছে।”
গত রবিবার রাতে জকসু নির্বাচনের প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকে পরীক্ষামূলকভাবে ওএমআর মেশিনে ভোট প্রদানের ডেমো দেখানোর সময় এই অসংগতি ধরা পড়ে।

























