উপদেষ্টা পরিষদে রদবদল, পুলিশের উচ্চ পর্যায়েও পরিবর্তনের সিদ্ধান্ত
- আপডেট সময় : ০২:৩৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে

উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে রদবদল আনা হচ্ছে। পাশাপাশি পুলিশের উচ্চ পর্যায়েও পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব পরিবর্তন আজই কার্যকর হতে পারে বলে গতকাল রাতে সরকারের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে পরিবর্তন আসতে পারে। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর স্থলে বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দেওয়া হতে পারে। তবে জাহাঙ্গীর আলম চৌধুরী কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে বহাল থাকবেন।
এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার বিষয়েও আলোচনা চলছে বলে জানা গেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর সংগঠনটির দাবির প্রেক্ষিতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সূত্রের দাবি।
অন্যদিকে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশের শীর্ষ পর্যায়েও বড় ধরনের রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাটির উচ্চপর্যায়ে একাধিক গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আসতে পারে, যা আজই আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এই রদবদলকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
























