জলঢাকায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
- আপডেট সময় : ১০:৩৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

নীলফামারীর জলঢাকায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) উপজেলার মধ্য কাজিরহাট বালিকা হাফিজিয়া মাদ্রাসা ও নূরে-জান্নাত উম্মে আমিনা বালিকা এতিমখানা-এর উদ্যোগে প্রতিষ্ঠানের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের সভাপতি মো. জমির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও জলঢাকা সচেতন নাগরিক সমাজের সভাপতি আনোয়ার হোসেন, জুলাইযোদ্ধা নাহিদ হাসান, শিক্ষক মাওলানা আব্দুল মতিন, হাফেজ বাদলসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে দেশপ্রেম, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানান।
প্রধান আলোচক আনোয়ার হোসেন তাঁর বক্তব্যে ১৯৪৭, ১৯৫২, ১৯৭১, ১৯৯০ সালের বিভিন্ন গণআন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আহত জুলাইযোদ্ধাদের দ্রুত সুস্থতা, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।
আলোচনা সভা শেষে দেশ, জাতি এবং সব শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।





















