রাস্তার ওপর গ্যাস পাইপলাইন ২০ দিনেও ব্যবস্থা নেই, দোখলায় বড় দুর্ঘটনার শঙ্কা
- আপডেট সময় : ০২:১৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দোখলা গ্রামের গড়গড়িয়া নতুন বাজার–দোখলা সড়কে প্রায় ২০ দিন ধরে তিতাসের গ্যাস সরবরাহ পাইপলাইন উন্মুক্ত অবস্থায় রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ডিগনিটি নামের একটি কারখানা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত চৌক্কার (গড়গড়িয়া) খালের স্বাভাবিক গতিপথ বন্ধ করে দেওয়ায় বর্ষার পানি সড়কের ওপর দিয়ে প্রবাহিত হয়ে রাস্তা ভেঙে যায়। এতে প্রায় ২০ থেকে ৩০ ফুট গ্যাস পাইপলাইন মাটির ওপর দৃশ্যমান হয়ে পড়ে। জনবহুল এ সড়কে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা না থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা আকাশ বলেন, “২০ দিন ধরে পাইপলাইনটি উন্মুক্ত অবস্থায় রয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।”

নদী ও প্রকৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, “খালের গতিপথ বন্ধ করে দেওয়ায় সড়ক ভেঙে গ্যাস লাইন উন্মুক্ত হয়েছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি খাল পুনরুদ্ধার ও গ্যাস লাইন দ্রুত সংস্কার করা জরুরি।”
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নাহিদ ইসলাম ভূঞা বলেন, “বিষয়টি জেনেছি। তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
শ্রীপুর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির ব্যবস্থাপক প্রকৌশলী মো. জুয়েল রানা বলেন, “অপারেশন বিভাগকে জানানো হয়েছে। দ্রুত লোক পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”



















