গাইবান্ধায় প্রায় ৬ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস
- আপডেট সময় : ০৯:৩৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ২১ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৬ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার গোলাপবাগ বাজারে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে একটি গোডাউন থেকে ১০০টি চায়না দুয়ারি জাল এবং ৭০ পিস কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তামশিদ ইরাম খান। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জলজ সম্পদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এসব জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান শেষে জব্দ করা জাল উপজেলা পরিষদ চত্বরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তামশিদ ইরাম খান বলেন, ‘মৎস্যসম্পদ রক্ষা এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিষিদ্ধ জাল বিক্রি, সংরক্ষণ ও ব্যবহারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।’



















