সুন্দরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
- আপডেট সময় : ০২:২০:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ১৮২ বার পড়া হয়েছে

‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
রোববার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাদল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর শহিদুল ইসলাম সরকার মঞ্জু, পৌর জামায়াতে ইসলামীর আমীর মুহা. একরামুল হক, উপজেলা এনসিপির আহ্বায়ক আল শাহাদাৎ জামান জিকো, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সুন্দরগঞ্জ আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাপস কুমার, ফ্রেন্ডশিপের প্রতিনিধি কাজী কামরুজ্জামান, সোনারায় ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মমিনুল ইসলাম, শ্রীপুর ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) রওশনারা বেগম, সোনারায় ইউনিয়নের ভিজিটর নাজমুন নাহার আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, জনসংখ্যাকে বোঝা নয়, দক্ষ মানবসম্পদে রূপান্তর করাই বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। সুস্থ, শিক্ষিত ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে পরিবার পরিকল্পনা, মাতৃস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি তরুণদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে হবে। তাহলেই দেশের টেকসই উন্নয়ন বাস্তবায়ন সহজ হবে।
তারা আরও বলেন, পরিকল্পিত পরিবার গঠন, নারীর ক্ষমতায়ন, মানসম্মত প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং তরুণদের সম্ভাবনার বিকাশের মাধ্যমে একটি সমৃদ্ধ, সুস্থ ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য অর্জনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যম, এনজিও এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ ও সক্রিয় অংশগ্রহণের কোনো বিকল্প নেই।
আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ করা হয়। এ সময় শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে সর্বানন্দ ইউনিয়ন পরিষদ, শ্রেষ্ঠ পরিবার ও স্বাস্থ্য কল্যাণ কেন্দ্র হিসেবে সোনারায় পরিবার ও স্বাস্থ্য কল্যাণ কেন্দ্র, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা নাজমুন নাহার, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মোজাহিদুল ইসলাম, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী আঞ্জুমানারা বেগম এবং শ্রেষ্ঠ এনজিও হিসেবে ফ্রেন্ডশিপকে সম্মাননা প্রদান করা হয়।



















