আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমিতে খননের অভিযোগ, বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি
- আপডেট সময় : ১২:৩১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমিতে মাটি খনন এবং বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আব্দুর রাজ্জাক (৭০) সুন্দরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগকারী আব্দুর রাজ্জাক উপজেলার তারাপুর ইউনিয়নের নিজামখাঁ গ্রামের মৃত কফিল উদ্দিন ব্যাপারীর ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, নিজামখাঁ মৌজার ১৩৯ নম্বর খতিয়ানের ৩৩৮৬, ৩৩৮৭ ও ৩৩৮৯ নম্বর দাগের ৬৯ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের মৃত ইছমাইল হোসেনের ছেলে হাফিজার রহমান (৪৬), হামিদুর রহমান (৪৪), সবুজ মিয়া (৩২), সাজেদুর রহমান (৪০) ও আশরাফুল ইসলাম (৩৫)-এর সঙ্গে বিরোধ চলে আসছে। বিরোধের একপর্যায়ে প্রতিপক্ষ ভুয়া তথ্যের ভিত্তিতে ডিক্রি নিয়ে জমির দখল গ্রহণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে ওই ডিক্রির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন আব্দুর রাজ্জাক। মামলাটি বিচারাধীন থাকাকালে আদালত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ জমিতে সব ধরনের কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেন বলে দাবি তার।
তবে অভিযোগকারী বলেন, আদালতের নির্দেশনা অমান্য করে প্রতিপক্ষরা জমিতে মাটি খননের কাজ চালিয়ে যাচ্ছেন। গত ১৬ জুন সকাল সাড়ে ১১টার দিকে তিনি জমিতে গিয়ে মাটি খননে বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত সাজেদুর রহমান বলেন, ‘আমরা যে জমিতে মাটি ভরাট করছি, সেই জমিতে আদালতের কোনো নিষেধাজ্ঞা নেই। আর যে জায়গা থেকে মাটি তুলেছি, তা আমাদের নিজস্ব জমি।’
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। দু’পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় ডাকা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
























