সাদুল্লাপুরে অটোভ্যানের সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের
- আপডেট সময় : ০১:৪২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দুই অটোভ্যানের সংঘর্ষে আহত আব্দুল হাকিম (৮৮) নামের এক বৃদ্ধ পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।
বুধবার (৩ জুন) বিকেল ৩টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন তার স্বজনরা।
নিহত আব্দুল হাকিম উপজেলার বনগ্রাম ইউনিয়নের মন্দুয়ার গ্রামের বাসিন্দা। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহতের ছেলে হাফিজার রহমান বাদল বলেন, আমার বাবা ঈদের পরদিন শুক্রবার (২৯ মে) একটি অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে বনগ্রামের জয়েনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে তার মৃত্যু হয়।
এ বিষয়ে বনগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা বলেন, মন্দুয়ার গ্রামের প্রবীণ ব্যক্তি আব্দুল হাকিমের মৃত্যুর খবর শুনেছি। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন।

























