পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
- আপডেট সময় : ০৪:২৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

“অটিজম কোনো সীমাবদ্ধতা নয়—প্রতিটি জীবন মূল্যবান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬ পালিত হয়েছে। বুধবার (১৩ মে) সকালে পিরোজপুর জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে পিরোজপুর সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে স্থানীয় বিভিন্ন অটিস্টিক শিশু ও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন। শিশুদের এই প্রাণবন্ত উপস্থিতি পুরো আয়োজনে এক ভিন্ন মাত্রা যোগ করে।
পিরোজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ইকবাল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দীন ভূঞা জনী। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইব্রাহিম খলিল এবং ডেইলি অবজারভার-এর পিরোজপুর প্রতিনিধি জিয়াউল আহসান।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আলাউদ্দীন ভূঞা জনী বলেন, “অটিস্টিক শিশুরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তারা সমাজের বোঝা নয়, বরং সঠিক পরিচর্যা, বিশেষ শিক্ষা এবং সহমর্মিতা পেলে তারাও দেশের সম্পদে পরিণত হতে পারে। অটিজম কোনো রোগ নয়, এটি একটি বিশেষ অবস্থা যা আমাদের সম্মিলিত সচেতনতার মাধ্যমে মোকাবিলা করতে হবে।” তিনি আরও উল্লেখ করেন যে, অটিস্টিক শিশুদের মধ্যে অনেক সুপ্ত প্রতিভা রয়েছে; তারা গণিত, ছবি আঁকা কিংবা খেলাধুলায় অসাধারণ পারদর্শিতা দেখাতে পারে।
সভায় বক্তারা অটিস্টিক শিশুদের মৌলিক অধিকার রক্ষা এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে জেলা পর্যায়ে বিশেষায়িত সেবা কেন্দ্র ও থেরাপি সুবিধা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে অভিভাবকদের সচেতনতা এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ এই শিশুদের স্বাভাবিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শহর সমাজসেবা অফিসার মো. মাসুম বিল্লাহ এবং গীতা পাঠ করেন অমল চন্দ্র রায়। জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা প্রিয়ংবদা ভট্টাচার্যের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই সভায় আরও বক্তব্য রাখেন ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. জাহিদুল ইসলাম এবং পজিটিভ পিরোজপুরের সভাপতি মো. হাবিবুর রহমান।
উক্ত সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




















