গাজীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০৯:৫৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে জিহাদ ও সুইটি নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ মে) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত জিহাদ (৬) উপজেলার নগর হাওলা গ্রামের জাকির হোসেনের ছেলে। সে নগর হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
অন্যদিকে নিহত সুইটি (১৪) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। পরিবারটি দীর্ঘ ১১ বছর ধরে শ্রীপুর উপজেলার দক্ষিণ ধনুয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল। তার বাবা-মা দুজনই স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করেন। সুইটি বাকপ্রতিবন্ধী ছিল বলে জানা গেছে।
নিহতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় জিহাদ। পরিবারের সদস্যরা দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পুকুরপাড়ে তার জুতা দেখতে পেয়ে সন্দেহ করেন। পরে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত জৈনা বাজারের আল বারাকা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে একই সময়ে দক্ষিণ ধনুয়া এলাকায় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নামে সুইটি। এ সময় তার সঙ্গে থাকা এক শিশুকে বাঁচাতে গিয়ে নিজেই পানির নিচে তলিয়ে যায়। পরে দীর্ঘক্ষণ পর স্থানীয় এক কৃষক তাকে উদ্ধার করলে শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পান।
স্থানীয়দের অভিযোগ, স্কুলসংলগ্ন পুকুরগুলো দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় রয়েছে। পুকুরের চারপাশে নিরাপত্তাবেষ্টনী বা প্রাচীর না থাকায় শিশুদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। তারা দ্রুত ঝুঁকিপূর্ণ পুকুরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমেদ বলেন, পুকুরে ডুবে শিশুমৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দুটি বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

























