প্রবাসীর স্ত্রীর ঘরে স্কুল দপ্তরি, আলমারির ভেতর থেকে আটক
- আপডেট সময় : ১২:৪১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

ফরিদপুরের সালথায় গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে লুকিয়ে থাকার সময় মো. আজাদ শেখ (৩৫) নামে এক স্কুল দপ্তরিকে আটক করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক আজাদ ওই গ্রামের রব শেখের ছেলে এবং বড় খারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই প্রবাসীর স্ত্রীর ছেলে একই স্কুলে পড়াশোনা করে। সন্তানকে স্কুলে আনা–নেওয়ার সময় দপ্তরি আজাদের সঙ্গে ওই নারীর পরিচয় গড়ে ওঠে। একপর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয় বলে অভিযোগ ওঠে। এরপর থেকে আজাদ মাঝেমধ্যে গভীর রাতে ওই বাড়িতে যাতায়াত করতেন বলে দাবি স্থানীয়দের।
ঘটনার রাতে স্থানীয়রা বাড়ির আশপাশে অবস্থান নেন। পরে সন্দেহ হলে ঘর তল্লাশি চালিয়ে একটি আলমারির ভেতর থেকে আজাদকে খালি গায়ে অবস্থায় বের করা হয়। এ সময় ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আটকের পর তাকে থানায় না দিয়ে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয় এবং অর্থ লেনদেনের কথাও শোনা গেছে। তবে এ বিষয়ে কেউ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
এদিকে প্রবাসীর স্ত্রী জানান, রাতে ঘরে ফিরে তিনি আজাদকে দেখতে পান। স্থানীয়রা ঘর ঘিরে ফেললে আতঙ্কে তিনি আলমারিতে লুকিয়ে পড়েন বলে দাবি করেন।
বড় খারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদা খান লিমা বলেন, বিষয়টি লোকমুখে জেনে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তামেম উদ্দিন বলেন, ‘বিষয়টি শুনেছি। অফিসে গিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিন জানান, অভিযোগ প্রমাণিত হলে দপ্তরি আজাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে সাময়িক বরখাস্তও করা হতে পারে।
এ ঘটনায় এলাকায় এখনো আলোচনা-সমালোচনা চলছে।

























