ঢাকা মেডিকেল কলেজে ভুয়া পরিচয়ে এক নারী আটক
- আপডেট সময় : ০৫:৩১:১১ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

ঢাকা মেডিকেল কলেজের ছাত্রী কমনরুমে ভুয়া পরিচয়ে প্রবেশ করার অভিযোগে এক নারীকে আটক করেছেন শিক্ষার্থীরা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে কলেজের ছাত্রী কমনরুমে এ ঘটনা ঘটে। আটক নারীর নাম মনিকা আক্তার মিতু (৩২)।
জানা যায়, তিনি দীর্ঘ প্রায় এক মাস ধরে ভুয়া পরিচয়ে কলেজ এলাকায় যাতায়াত করছিলেন এবং ছাত্রী কমনরুমে অবস্থান করতেন। পরে কয়েকজন শিক্ষার্থীর সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তিনি সঠিক তথ্য দিতে ব্যর্থ হন।
এরপর শিক্ষার্থীরা তাকে আটক করে কলেজ কর্তৃপক্ষকে জানান। পরে কলেজ প্রশাসন তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।
পুলিশ জানায়, তার কাছ থেকে একটি চিকিৎসক সেজে পরিধান করা পোশাক, স্টেথোস্কোপ এবং একটি পরিচয়পত্র পাওয়া গেছে। পরিচয়পত্রটি ভুয়া বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ আরও জানায়, তিনি এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন এবং চিকিৎসক হওয়ার ইচ্ছা থেকে এভাবে পরিচয় গোপন করে কলেজে যাতায়াত করছিলেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


















