কুলখানি শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল মা-ছেলের
- আপডেট সময় : ০৫:০৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ২০ বার পড়া হয়েছে

আত্মীয়ের কুলখানি শেষে ছয় বছরের ছেলেসহ মা-বাবাকে নিয়ে বাড়ি ফিরছিলেন রওশন আরা বেগম (৩৮)। তবে ঘাতক কাভার্ডভ্যানের আঘাতে বাড়ি ফেরার যাত্রা রূপ নিল অন্তিম যাত্রায়। ঘটনাটি ঘটেছে কুমিল্লার দেবিদ্বার উপজেলার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে দেবিদ্বারের বারেরা সরকার বাড়ির মসজিদ সংলগ্ন এলাকায় দুর্ঘটনায় মারা যান রওশন আরা ও তার ছেলে। এই ঘটনায় নিহত রওশনের বাবা-মাসহ আরও অন্তত চারজন গুরুতর আহত হন।
নিহতরা হলেন, মুরাদনগর উপজেলার জাড্ডা গ্রামের দিদার মিয়ার স্ত্রী রওশন আরা এবং তার ছেলে ইয়ামিন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রওশন আরা তার মা-বাবা ও সন্তানকে নিয়ে কুমিল্লার ময়নামতি এলাকায় এক আত্মীয়ের কুলখানি শেষে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। বিকেল ৩টার দিকে তাদের বহনকারী অটোরিকশাটি বারেরা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী মিনি কাভার্ডভ্যান সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সড়ক থেকে ছিটকে পড়ে।
ঘটনাস্থলেই রওশন আরা বেগম মারা যান এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ছেলে ইয়ামিনের মৃত্যু হয়।
ঘটনার পর কাভার্ডভ্যানটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা ধাওয়া করে চালকসহ গাড়িটি আটক করে পুলিশে সোপর্দ করে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নিহত মা ও ছেলের মরদেহ এবং ঘাতক কাভার্ডভ্যান ও সিএনজিটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।




















