গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ, গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি
- আপডেট সময় : ০৯:১৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদ এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে পৌর শহীদ মিনার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে জেলার বিভিন্ন এলাকা থেকে দলটির নেতাকর্মীরা পৌর পার্কে জমায়েত হন।
সমাবেশে বক্তব্য দেন গাইবান্ধা জেলা জামায়াতের আমীর ও গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম, জেলা নায়েবে আমীর ও গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম লেবু, জেলা সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, সহকারী সেক্রেটারি মো. ফয়সাল কবির রানা, জেলা কর্মপরিষদ সদস্য নুরুন্নবী প্রধান, মাওলানা সাইদুর রহমান, অধ্যাপক ফেরদৌস আলম, মাওলানা খায়রুল আমিন, সাইফুল ইসলাম মন্ডল, শহীদুল ইসলাম মঞ্জু, সিরাজুল ইসলাম ও সামিউল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দেশজুড়ে আবারও সন্ত্রাস, অরাজকতা ও জ্বালাও-পোড়াও সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে।

তারা অভিযোগ করেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসন তাদের গ্রেপ্তার করছে না বলে দাবি করেন বক্তারা।
এ সময় জনগণের গণভোটের গণরায় ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
সমাবেশ শেষে শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ডিবি সড়ক হয়ে কাচারী বাজারে গিয়ে ইউটার্ন নিয়ে হকার্স মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
















