মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ৪ বছরের শিশু হুমায়রার
- আপডেট সময় : ০৯:৪৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্লাপুরে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় হুমায়রা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের কলেজপাড়া গ্রামে নিজ বাড়ির সামনে নলডাঙ্গা-রহমতপুর পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুমায়রা আক্তার নলডাঙ্গা কলেজপাড়া এলাকার হামিদুল হকের ছোট মেয়ে। হামিদুল হক নলডাঙ্গা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও দেবী চৌধুরানী ডিগ্রি কলেজের প্রভাষক।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় হুমায়রা বাড়ির পাশেই তার ফুফুর বাড়িতে যাওয়ার জন্য সড়ক পার হচ্ছিল। এ সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় শিশুটি। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর মোটরসাইকেলচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নিষ্পাপ শিশু হুমায়রার মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মোটরসাইকেলচালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’
















