মাদকমুক্ত সমাজ গড়তে সুন্দরগঞ্জে এলাকাবাসীর বিক্ষোভ
- আপডেট সময় : ০৪:৩৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৬১ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের পর উপজেলার শোভাগঞ্জ ও ইসলামপুর এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় মুসল্লি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইসলামপুর সততা যুব সংঘের নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।
এ সময় বক্তব্য দেন ইসলামপুর জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মিলন মিয়া, কোষাধ্যক্ষ মো. মোজাম্মেল হক, ইসলামপুর সততা যুব সংঘের সভাপতি মো. রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক মো. নূরুন্নবী মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বিক্ষোভ মিছিল শেষে আলোচনা সভায় বক্তারা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হতে হবে।

বক্তারা আরও বলেন, মাদকের বিস্তার রোধে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এলাকার কোথাও মাদক কেনাবেচা বা সেবনের প্রবণতা দেখা গেলে সম্মিলিতভাবে তা প্রতিরোধে এগিয়ে আসতে হবে। পাশাপাশি মাদক ব্যবসা ও মাদকসেবনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।
আলোচনা সভা থেকে মাদকমুক্ত সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


















