সুন্দরগঞ্জে জলবায়ু অভিযোজন নিয়ে সরকারি-বেসরকারি সেবাদানকারীদের সঙ্গে মতবিনিময়
- আপডেট সময় : ০৯:৩৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও অভিযোজনমূলক পদক্ষেপে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সহায়তার লক্ষ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জে সরকারি ও বেসরকারি সেবাপ্রদানকারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গণ উন্নয়ন কেন্দ্র’ (জিইউকে)-এর SWABOL প্রকল্পের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রকল্পের আওতায় বাস্তবায়িত কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

সভায় জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বাড়াতে সরকারি ও বেসরকারি সেবাপ্রদানকারীদের সম্পৃক্ততা এবং প্রয়োজনীয় সেবা ও সহায়তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সভায় বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. নুরনবী লিমন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, ট্রেডক্রাফট এক্সচেঞ্জের ফিল্ড টিম লিডার আবু নূর মো. আব্দুল খালিদ, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সুদীপ্ত শামীম, গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) ফিল্ড কো-অর্ডিনেটর এনামুল করিম ও উদ্যোক্তা জিয়াউর রহমান সরকার রয়েল প্রমুখ। মতবিনিময় সভায় বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি, সাংবাদিক ও কৃষক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন প্রকট হচ্ছে। নদীভাঙন, বন্যা, খরা, অতিবৃষ্টি ও অনিয়মিত আবহাওয়ার কারণে চরাঞ্চলসহ ঝুঁকিপূর্ণ এলাকার মানুষ নানা সংকটে পড়ছেন। এসব ঝুঁকি মোকাবিলায় সচেতনতার পাশাপাশি বাস্তবভিত্তিক অভিযোজনমূলক পদক্ষেপ গ্রহণ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ জরুরি। কৃষকদের জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি, প্রশিক্ষণ ও বিকল্প জীবিকার সুযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তারা।



















