প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত পোশাকশ্রমিক তৌফিকের পরিবার
- আপডেট সময় : ১০:২৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে

ঢাকার গাজীপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে দুর্বৃত্তদের হামলায় নিহত পোশাকশ্রমিক তৌফিক হোসেনের পরিবারকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় নিহত তৌফিকের বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা।
এ সময় তিনি নিহতের স্ত্রী সেতু মনি, ভাই হারুন উর রশিদসহ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া এক লাখ টাকা আর্থিক সহায়তা পরিবারের সদস্যদের হাতে তুলে দেন তিনি।
এ সময় মুঠোফোনে ভিডিও কলের মাধ্যমে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সব সময় তাদের পাশে থাকার অঙ্গীকার করেন। পাশাপাশি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। মন্ত্রী এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাসও দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক জাহিদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম প্রমুখ।

















