পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ
- আপডেট সময় : ০৮:৫৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৫ আগস্ট) তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের প্রধানপাড়া এলাকায় অভিযান চালায় পঁয়ষট্টিবাড়ী বিওপির একটি বিশেষ টহলদল। অভিযানস্থলটি আন্তর্জাতিক সীমান্ত পিলার ৮৪৫/এমপি থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তাদের ফেলে যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের ১৪০টি অবৈধ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ টাকা।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানিয়েছে, সীমান্তে চোরাচালান প্রতিরোধ, সরকারি রাজস্ব সুরক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। চোরাচালানের বিরুদ্ধে বাহিনীর ‘জিরো টলারেন্স’ নীতিও কার্যকর থাকবে।

















