গজালিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন বাটনাতলা
- আপডেট সময় : ০৯:৫৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

পিরোজপুরের উদয়কাঠীতে উদয়কাঠী যুব সমাজের উদ্যোগে আয়োজিত ১৬ দলীয় ‘মিনি চায়নাবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) দাউদপুর পল্লি মিলন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে বাটনাতলা ফুটবল একাদশ ১-০ গোলে গজালিয়া লায়ন্স ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন ৪ নম্বর কলাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সমাজসেবক হেদায়েতুল ইসলাম কিরণ।
প্রধান অতিথির বক্তব্যে হেদায়েতুল ইসলাম কিরণ বলেন, মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজনের বিকল্প নেই। তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে পড়াশোনায় মনোযোগী হয়ে সৎ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।
এ সময় টুর্নামেন্টের সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের জন্য উদয়কাঠী যুব সমাজের প্রতিনিধি হৃদয়, রাতুল, তমালসহ আয়োজক কমিটির সদস্যদের ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর কলাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন সরদার চান ও সাধারণ সম্পাদক এনামুল হক মোল্লা। তাঁরা তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
এ ছাড়া অনুষ্ঠানে ইউপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে।

















