সাঘাটায় শপিং কমপ্লেক্সের বাথরুম-সিঁড়ির নিচ থেকে উদ্ধার ৫৫ বাঁশের লাঠি
- আপডেট সময় : ০৯:৩৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়ে ৫৫টি বাঁশের লাঠি উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানের পর লাঠিগুলো সেখানে কী উদ্দেশ্যে রাখা হয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
বুধবার (৫ আগস্ট) বিকেলে সাঘাটা থানা পুলিশের একটি দল বোনারপাড়া শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়ে এসব লাঠি উদ্ধার করেন।
পুলিশ জানায়, অভিযানের সময় শপিং কমপ্লেক্সের বাথরুমের ভেতর, সিঁড়ির নিচে এবং তৃতীয় তলার বিভিন্ন স্থান তল্লাশি করে মোট ৫৫টি বাঁশের লাঠি উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৫টি বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে। লাঠিগুলো সেখানে কী উদ্দেশ্যে রাখা হয়েছিল এবং কারা রেখেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





















