পিরোজপুরে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে খাদ্য বিভাগের পরিচ্ছন্নতা অভিযান
- আপডেট সময় : ০৫:৩৫:০২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পিরোজপুরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা খাদ্য বিভাগ। এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও রোগের বিস্তার রোধে সরকারি কার্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়।
শনিবার (১ আগস্ট) সকালে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে জেলা খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নিয়ে কার্যালয়ের আশপাশের এলাকা পরিষ্কার করেন এবং জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা অপসারণ করেন।
পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক সেলিম মাহমুদ সাগর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তহিদুর রহমান, কারিগরি খাদ্য পরিদর্শক জাহিদুল ইসলামসহ জেলা খাদ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক সেলিম মাহমুদ সাগর বলেন, “ডেঙ্গু ও চিকুনগুনিয়া বর্তমানে জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্ষা মৌসুমে এডিস মশার প্রজনন বেড়ে যায়। তাই রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং নিজেদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি বলেন, “সরকারি প্রতিষ্ঠানগুলোর পরিবেশ পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব। জেলা খাদ্য বিভাগের পক্ষ থেকে সেই দায়িত্ববোধ থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে শুধু সরকারি কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়, প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে।”
কর্মসূচিতে কর্মকর্তারা বলেন, বাড়ি ও কর্মস্থলের আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সম্মিলিত সচেতনতার মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
জেলা খাদ্য বিভাগের এ উদ্যোগকে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।





















