বন্যাদুর্গত সাতকানিয়া-লোহাগাড়ায় অর্থমন্ত্রীর সরেজমিন পরিদর্শন
- আপডেট সময় : ০৮:৩১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকা শুক্রবার (১৭ জুলাই) সরেজমিন পরিদর্শন করেছেন বীর চট্টলার কৃতি সন্তান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগের চিত্র সরাসরি দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেন।
সফরে তাঁর সঙ্গে ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া (চট্টগ্রাম-১৫) আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্য প্রার্থী নাজমুল মোস্তফা (আমীন) স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালে অর্থমন্ত্রী বন্যাকবলিত এলাকার বাস্তব চিত্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন, তাদের প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত হন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।
এ সময় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বন্যায় ক্ষতিগ্রস্ত সাতকানিয়া ও লোহাগাড়ার সার্বিক পরিস্থিতি অর্থমন্ত্রীর সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি বলেন, সাম্প্রতিক বন্যায় উপজেলার অসংখ্য বসতঘর, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদরাসা, ফসলি জমি, গ্রামীণ সড়ক, কালভার্ট ও বিভিন্ন অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবার এখনো মানবেতর জীবনযাপন করছে।
তিনি ক্ষতিগ্রস্ত মানুষের দ্রুত পুনর্বাসন, ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু পুনর্নির্মাণ, ভাঙনকবলিত এলাকা রক্ষায় স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত অবকাঠামোর দ্রুত সংস্কার এবং এলাকার নদী-খালসমূহের প্রয়োজনীয় খনন ও সংস্কারের বিষয়ে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্যোগ মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
অর্থমন্ত্রী স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং ক্ষতিগ্রস্ত মানুষের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং জনদুর্ভোগ নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
এদিকে মাননীয় অর্থমন্ত্রীর লোহাগাড়া সফরকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি। সার্বিক সমন্বয়, সফরসূচি বাস্তবায়ন এবং প্রশাসনিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ বাইজিদ বিন আখন্দ। তাঁর নেতৃত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সফর সফল করতে নিরলসভাবে দায়িত্ব পালন করেন।
অন্যদিকে সফরকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে লোহাগাড়া থানা পুলিশ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং সফরস্থলসমূহে নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ। পুলিশের তৎপরতায় পুরো সফর শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
অর্থমন্ত্রীর এই সফরকে বন্যাকবলিত সাতকানিয়া-লোহাগাড়ার মানুষের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, এই পরিদর্শনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, অবকাঠামো উন্নয়ন, নদী সংস্কার এবং বন্যা নিয়ন্ত্রণে কার্যকর ও দীর্ঘমেয়াদি সরকারি উদ্যোগ দ্রুত বাস্তবায়িত হবে।



















