শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ, সড়ক অবরোধ
- আপডেট সময় : ০৯:৪৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়া এবং ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ৩টার দিকে শহরের স্টেশন চত্বর থেকে ‘এইচএসসি শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ১ নম্বর রেলগেটে গিয়ে সড়ক অবরোধ করে।

এ সময় শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পরীক্ষা চালিয়ে যাওয়া এবং ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার কারণে শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন। এসব ঘটনার দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত।

সড়ক অবরোধের ফলে রেলগেট থেকে পুরাতন জেলখানা মোড় এবং অপরদিকে ফায়ার সার্ভিস মোড় পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী ও যানবাহনের চালকদের ভোগান্তিতে পড়তে হয়।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে তারা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।



















