গাইবান্ধায় ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- আপডেট সময় : ০৭:৪৬:০৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

গাইবান্ধায় ১৫০ গ্রাম গাঁজাসহ নুরু মিয়া (৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (৮ জুলাই) সকালে গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার নুরু মিয়া গাইবান্ধা সদর উপজেলার পশ্চিম রাধাকৃষ্ণপুর গ্রামের মৃত চয়ন উদ্দিনের ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মঙ্গলবার (৭ জুলাই) রাতে গাইবান্ধা পৌরসভার পুরাতন জেলখানা মোড় ট্রাফিক পুলিশ অফিস ভবনের সামনে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে নুরু মিয়াকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার লুঙ্গির ডান পাশ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১৫০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন হাজার টাকা।
গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার বলেন, ‘গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।’




















