পিরোজপুরে মাসব্যাপী পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও মাদকবিরোধী কর্মসূচির উদ্বোধন
- আপডেট সময় : ০২:০০:১১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

ডেঙ্গু, হাম, চিকুনগুনিয়াসহ বিভিন্ন রোগ প্রতিরোধ এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে মাসব্যাপী পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও মাদকবিরোধী কর্মসূচি-২০২৬ উদ্বোধন করা হয়েছে।
রোববার (৫ জুলাই) সকালে শহরের পালপাড়া এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পিরোজপুর টাউন ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, স্কাউট সদস্য, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে জনসচেতনতা ও নাগরিক অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ড্রেন, রাস্তার মোড় কিংবা উন্মুক্ত স্থানে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করে নির্ধারিত ডাস্টবিন ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে।
তিনি জানান, প্রতিটি মহল্লায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য জেলা পরিষদ ও পৌরসভার উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে গৃহস্থালির বর্জ্য সংগ্রহের জন্য মাসিক নামমাত্র ১০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
কর্মসূচিকে দীর্ঘমেয়াদি ও কার্যকর করতে তরুণ ও যুবকদের সমন্বয়ে এলাকাভিত্তিক তদারকি কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। এছাড়া পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল করতে জেলা পরিষদের পক্ষ থেকে একটি বিশেষ বর্জ্য পরিবহন গাড়ি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।
অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “আমরা যদি নির্ধারিত স্থানে ময়লা না ফেলি, তাহলে শহরকে পরিষ্কার রাখা সম্ভব হবে না। নিজেদের ও আগামী প্রজন্মের সুস্থ ভবিষ্যতের জন্য সবাইকে দায়িত্বশীল হতে হবে।”
কর্মসূচি বাস্তবায়নে পিরোজপুর পৌরসভা এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সহযোগিতা করছে। উদ্বোধনী দিনে অধ্যক্ষ আলমগীর হোসেন নিজে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে ড্রেন পরিষ্কার করেন, যা স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ও সচেতনতা সৃষ্টি করেছে।
মাসব্যাপী এ কর্মসূচির মাধ্যমে পিরোজপুর শহরকে পরিচ্ছন্ন, সবুজ ও মাদকমুক্ত একটি মডেল নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।





















