গাইবান্ধায় ‘খাবারের জন্য চুরি’ দাবি ১০ বছরের শিশুর, সমাজসেবা দপ্তরে হস্তান্তর
- আপডেট সময় : ০৪:৫৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্লাপুরে চুরির অভিযোগে আটক হওয়া মো. লোকমান মিয়া (১০) নামের এক শিশুকে পুলিশ উদ্ধার করে উপজেলা প্রবেশন অফিসারের কাছে হস্তান্তর করেছে। শিশুটির সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।
শুক্রবার (৩ জুলাই) রাতে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. লোকমান মিয়া সাদুল্লাপুর বাজার সংলগ্ন কলেজপাড়া (ব্রিজের তল) এলাকার বাসিন্দা। তার বাবা মো. উজ্জ্বল মিয়া বর্তমানে ঢাকায় থাকেন এবং তার মা রূপালী বেগম মারা গেছেন।
পুলিশ জানায়, শিশু লোকমান মিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভোর রাতে সাদুল্লাপুর বাজারের বিভিন্ন দোকান থেকে চুরির অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত গভীর রাতে চুরির সময় স্থানীয় ব্যবসায়ীরা তাকে আটক করে। পরে জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯-এ পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানা হেফাজতে নেয়। থানায় জিজ্ঞাসাবাদে লোকমান চুরির কথা স্বীকার করে জানায়, খাবার কেনার জন্য সে নিয়মিত চুরি করত।
ঘটনার পর বিষয়টি উপজেলা সমাজসেবা দপ্তরে জানানো হয়। পরে শিশুটিকে উপজেলা প্রবেশন অফিসারের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তার সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯-এ পাওয়া তথ্যের ভিত্তিতে শিশুটিকে থানায় আনা হয়। তার সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তাকে উপজেলা প্রবেশন অফিসারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।’





















