টোল বন্ধের দাবিতে মহানন্দা সেতুতে সড়ক অবরোধ, দীর্ঘ যানজট; এইচএসসি পরীক্ষার কারণে কর্মসূচি স্থগিত
- আপডেট সময় : ০৮:২০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর নির্মিত বীরশ্রেষ্ঠ শহীদ মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলা এই কর্মসূচিতে চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের শ্রমিক সংগঠনের শত শত শ্রমিক অংশ নেন। সেতুর উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী ও পরিবহন চালকদের দুর্ভোগ পোহাতে হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. মো. কেরামত আলী, অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, এবং জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সেতুর টোলের কারণে সাধারণ মানুষ ও পরিবহন সংশ্লিষ্টদের অতিরিক্ত আর্থিক চাপ বহন করতে হচ্ছে। তাই জনস্বার্থে দ্রুত সেতুর টোল আদায় বন্ধের দাবি জানান তারা। এসময় টোল আদায় বন্ধ না হওয়া পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
তবে আগামীকাল এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াতে কোনো ধরনের বিঘ্ন না ঘটানোর লক্ষ্যে আন্দোলনকারীরা আগামীকাল বিকেল ৩টা পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত রাখার ঘোষণা দেন।


















